ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে এখনো টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্ট জয়টি এসেছিল দেশের মাটিতে, মিরপুরে। তবে এবার অজিদের মাটিতেই সেই অপেক্ষা ঘোচানোর দারুণ সুযোগ তৈরি হয়েছে। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম ইনিংস শেষে ২২৮ রানের লিড নিয়ে ইতোমধ্যে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
স্বাগতিকদের প্রথম ইনিংস মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দারুণ জবাব দেয় বাংলাদেশ। তানজিদ তামিমের সেঞ্চুরি এবং আরও দুই ব্যাটারের অর্ধশতকে টাইগাররা সংগ্রহ করে ৪২৬ রান। ফলে অস্ট্রেলিয়ার সামনে তৈরি হয় বড় চ্যালেঞ্জ।
প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে বেশ কয়েকটি রেকর্ড।
৪২৬ রান
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৪২৬ রান করেছে বাংলাদেশ। এশিয়ার বাইরে কোনো টেস্টে এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এটি টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন: বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
এর আগে ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২৭ রান করেছিল বাংলাদেশ। আর এশিয়ার বাইরে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫৯৫ রান, ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
২২৮ রানের লিড
বিদেশের মাটিতে কোনো টেস্টের প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সর্বোচ্চ লিড এখন ২২৮ রান। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯২ রানের লিড ছিল সর্বোচ্চ।
অবশ্য দেশের মাটিতে এর চেয়েও বড় লিড রয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯৭, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০১, জিম্বাবুয়ের বিপক্ষে ২৯৫ এবং আফগানিস্তানের বিপক্ষে ২৩৬ রানের লিড নিয়েছে টাইগাররা।
হাসান মাহমুদের ৯২ বল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে ৯২ বল খেলেছেন হাসান মাহমুদ। এই তালিকায় বাংলাদেশের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৭ সালের চট্টগ্রাম টেস্টে নাসির হোসেন ৯৭ বল খেলেছিলেন, যা এখনো সর্বোচ্চ।
হ্যাজলউডের ৩০০ উইকেট
বাংলাদেশের ইনিংস ৪২৬ রানে থামানোর পথে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড ৬ উইকেট নিয়েছেন। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন হ্যাজলউড। টেস্টে এটি তার ১৪তম পাঁচ উইকেটের শিকার।
বড় লিডে পিছিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড
পরিসংখ্যান বলছে, ২০০০ সালের পর প্রথম ইনিংসে অন্তত ১৫০ রানে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়া মাত্র তিনবার টেস্ট জিতেছে।
এর মধ্যে ২০১০ সালের সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২০৬ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ২০০৪ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ এবং ২০০৬ সালে ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫৮ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল তারা।
অর্থাৎ, ২০০০ সালের পর প্রথম ইনিংসে ২০০ রানের বেশি পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়ার জয় মাত্র একবার। ডারউইনে বাংলাদেশ নিয়েছে ২২৮ রানের লিড। ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্টের পর ঘরের মাঠে এই প্রথম কোনো দলের কাছে প্রথম ইনিংসে ২০০ রানের বেশি পিছিয়ে পড়ল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
অস্ট্রেলিয়া অবশ্য প্রথম ইনিংসে আরও বড় ঘাটতি পুষিয়ে টেস্ট জয়ের নজিরও রেখেছে। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ২৯৭ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল তারা। এ ছাড়া ১৯৫০ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩৬ রানে পিছিয়ে পড়ার পরও টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া।
সব মিলিয়ে ডারউইন টেস্টের প্রথম ইনিংস বাংলাদেশের জন্য রেকর্ডময় হয়ে উঠেছে। এখন সেই রেকর্ডের সঙ্গে যোগ হয় কি না অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস- সেটিই দেখার অপেক্ষা।
