রামগড়ে মাকে হত্যা, ছেলে আটক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬ পিএম
রবিবার ঘাতক ইব্রাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। ছবি: ভোরের কাগজ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার চৌধুরীপাড়া শ্বশানের পাশে পারিবারিক কলহের জের ধরে মায়ের কপাল আছড়িয়ে হত্যার অভিযোগে ঘাতক ছেলেকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় নিহতের বড় ছেলে মো. ইব্রাহিম (২৯) তার মা রহিমা বেগমের (৫৯) চুলের খোপা ধরে মাটিতে কপাল আছড়িয়ে জখম করলে ঘটনাস্থলে রহিমা বেগমের মৃত্যু হয়। ঘাতক ইব্রাহিম চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত আব্দুল জলিলের বড় ছেলে।
নিহতের মেজ ছেলে সাইফুল ইসলাম জানান, তার বড় ভাই ইব্রাহিম প্রায় সময় মায়ের সঙ্গে ঝগড়া করতো। শনিবার রাত ৯টায় বাহির থেকে বাড়িতে এসে পুনরায় ঝগড়া করে। এসময় মা টয়লেট থেকে ঘরে ঢুকতে গেলে মাকে ধাক্কা দিয়ে ফেলে কপালে ও মুখে আঘাত করে হত্যা করে। এসময় বাড়িতে মা ও বড় ভাই ছাড়া কেউ ছিল না। তিনি তার মাকে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ইব্রাহিম তার মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে। ওসি আরও জানান, ইব্রাহিম তার মাকে হত্যা করে প্রতিবেশীদের ডেকে বলে তার মা মাথা ঘুরে পড়ে গেছে। পরে ঘরের লাইট অফ করে শুয়ে থাকলে সেখান থেকে তাকে গ্রেফতার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
