তেল কারসাজিতে ভ্রাম্যমাণ আদালতের হানা
কাগজ প্রতিবেদক গাজীপুর
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়ায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ফিলিং স্টেশন মালিককে এবং কালিয়াকৈরে দোকানে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ রাখার অভিযোগে তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মার্চ) সকালে এবং শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব জরিমানা ও আদায় করেন।
কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, উপজেলার ঘাগটিয়া চালা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে তাসনীম ফিলিং স্টেশনের মালিক ইমরান হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
তিনি বলেন, সরকারের নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। এসময় সংশ্লিষ্ট পেট্রোল পাম্প মালিকদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত দামে জ্বালানি বিক্রির নির্দেশ দেন। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তা অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, উপজেলার শ্রীফলতলী এলাকায় বাবর আলী মার্কেটে ডিজেল মজুদ রাখার অভিযোগ উঠে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে অভিযান চালিয়ে তেল ব্যবসায়ী আবুল হোসেনের (৬৫) দোকানে অবৈধভাবে ড্রাম ও কন্টেইনারে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ রাখার প্রমাণ পায়।
ব্যবসায়ী আবুল হোসেন উপজেলার শ্রীফলতলী গ্রামের মৃত সালামত উল্লাহের ছেলে। এ সময় ব্যবসায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। মজুদ রাখা ডিজেল সাধারণ গ্রাহকদের কাছে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
তিনি বলেন, লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া দাহ্য পদার্থ এবং জ্বালানি তেল মজুদ রাখা পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। স্থানীয় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং অবৈধভাবে অতি মুনাফার আশায় জ্বালানি তেল মজুদ রোধে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালে সংশিালষ্ট থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
