×

ঢাকা

স্থানীয় বিএনপির বিরোধ ও নিরাপত্তা ইস্যুতে বন্ধ ১২৫ বছরের নৌকাবাইচ

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

স্থানীয় বিএনপির বিরোধ ও নিরাপত্তা ইস্যুতে বন্ধ ১২৫ বছরের নৌকাবাইচ

ছবি: সংগৃহীত

নিরাপত্তা-শঙ্কা ও স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারসংলগ্ন কুমার নদে ১২৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা এবার বন্ধ করে দেওয়া হয়েছে।

নৌকাবাইচকে কেন্দ্র করে প্রতিবছর বসা এ মেলা স্থানীয় লোকসংস্কৃতি ও বিনোদনের অন্যতম বড় আয়োজন। এবার মেলা না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলজুড়ী বাজারসংলগ্ন কুমার নদে শতবর্ষেরও বেশি সময় ধরে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাটি ‘তেলজুড়ী নৌকাবাইচের মেলা’ নামে পরিচিতি লাভ করলেও  স্থানীয়দের কাছে ‘ বিশ্বাস বা হাজামের মেলা’ নামেও পরিচিত।

স্থানীয় রীতি অনুযায়ী প্রতিবছর বাজার বণিক সমিতি ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মতামতের ভিত্তিতে মেলা পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। সর্বশেষ কমিটির সভাপতি করা হয় বিএনপি নেতা শাকির আহমেদ শাকু ফকিরকে এবং সাধারণ সম্পাদক করা হয় সাবেক ইউপি সদস্য মো. রহমান মেম্বারকে।

সম্প্রতি কমিটির বৈঠকে মেলা আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে সভাপতি শাকির আহমেদ শাকু ফকির পদত্যাগ করলে কমিটিতে অচলাবস্থা তৈরি হয়। পরে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 শেখর ইউনিয়ান বিএনপি'র সাবেক সভাপতি ও মেলা কমিটির পদত্যাগী সভাপতি শাকির আহমেদ শাকু ফকির বলেন, ‘ রাজনৈতিক ও পরিপার্শ্বিক সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে  বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতা ছাড়া মেলা আয়োজন করা কঠিন।’

তিনি আরও বলেন, ‘গত জাতীয় নির্বাচনে ধানের শীষের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশারের সমর্থক একটি পক্ষ মেলা আয়োজনে বাধা দিচ্ছে। বড় ধরনের সংঘাত এড়াতেই আমি পদত্যাগ করেছি। আমি তাদের বলেছিলাম, আপনারা যে কেউ দায়িত্ব নিয়ে মেলা আয়োজন করুন, আমি সার্বিক সহযোগিতা করব। পরে জানতে পারলাম, মেলা এ বছর বন্ধ ঘোষণা করা হয়েছে।’

তবে রাজনৈতিক বিরোধের অভিযোগ নাকচ করে মেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রহমান মেম্বার বলেন, ‘নিরাপত্তাজনিত কারণেই এবার মেলা বন্ধ রাখা হয়েছে। গত বছর মেলা-পরবর্তী সময়ে সালথা উপজেলার খারদিয়া গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এবারও মেলার কয়েক দিন আগে ময়েনদিয়া, জয়পাশা, ধুলজুড়া ও পরমেশ্বরদীর লোকজনের সঙ্গে খারদিয়া গ্রামের লোকজনের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।এতে প্রায় ৪০ জন আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে মেলা হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ছিল। তাছাড়া মেলা আয়োজনের জন্য অর্থের প্রয়োজন হয়, আমরা প্রতিবছর দুই গ্রামের শিল্পপতিদের মধ্য থেকে কাউকে প্রধান অতিথি করি তারই অর্থনৈতিক সহযোগিতা করে , বাইরে থেকে কাউকে প্রধান অতিথি করা হয় না,  স্পনসরও পাওয়া যায়নি। এসব কারণে মেলা বন্ধ রাখা হয়েছে।’

মেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নিরাপত্তার বিষয়টি সামনে আনা হলেও মেলা বন্ধের পেছনে স্থানীয় রাজনৈতিক বিরোধের ভূমিকা রয়েছে। তাদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর কতিপয় সমর্থক লোকঐতিহ্যের ধারক এ শতবর্ষী মেলা বন্ধে তৎপর ছিলেন। তাদের তৎপরতার কারণে মেলা কমিটি বড় ধরনের ঝুঁকি নিতে চায়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের কারণে ১২৫ বছরের ঐতিহ্যবাহী এ আয়োজন বন্ধ হওয়া উচিত নয়। তারা নিরাপত্তা নিশ্চিত করে নৌকাবাইচ ও মেলা পুনরায় আয়োজনের দাবি জানিয়েছেন।

মেলার সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িকভাবে যুক্ত মিষ্টির দোকানি আ. জব্বার মোল্যা বলেন, ‘বংশপরম্পরায় আমরা প্রায় ১০০ বছর ধরে এ মেলায় মিষ্টি বিক্রি করে আসছি। আমার দাদা, বাবা এবং পরে আমি প্রায় ৫০ বছর ধরে আমিত্তি, গজা, দানাদার ও জিলাপি বিক্রি করে আসছি। এ বছর প্রায় পাঁচ লাখ টাকার ময়দা, চিনি ও বেসন কিনেছি। ইতোমধ্যে কয়েক মণ মিষ্টিও তৈরি করা হয়েছে। মেলা বন্ধ হওয়ায় আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হবে।’ এমন বক্তব্য দিয়েছেন আরও কয়েকজন দোকানী। যারা এ মেলার প্রতিক্ষায় দিন গুনেন। 

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, ‘মেলা বন্ধের বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। মেলা কমিটি আমার সহযোগিতা চাইলে আমি সব ধরনের সহযোগিতা করব।’

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘ কয়েকদিন আগে মেলা কমিটির সঙ্গে আমার কথা হয়েছে। তারা মেলা করবে বলে জানিয়েছিল। বন্ধের বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।

আমি যোগাযোগ করে যাতে ঐতিহ্যের ধারক শতবর্ষী এ মেলা অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব। শতবর্ষী ঐতিহ্য বন্ধ হওয়ার সুযোগ নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর হাতে ধ্বংস

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর হাতে ধ্বংস

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় আজমল হত্যার বিচারের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

খুলনায় আজমল হত্যার বিচারের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১১ খাতে এনবিআরের আদেশ জারি

১১ খাতে এনবিআরের আদেশ জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App