মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিজেরাই নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব।
তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের প্রচেষ্টা শেষ পর্যন্ত দেশ দুটির জন্যই জটিলতা তৈরি করেছে।
তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হোসেইন তাইয়েব।
ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে আলজাজিরা জানায়, তাইয়েব বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।’
তাইয়েবের দাবি, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি বলেন, যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের প্রতিফলন।
ইরানের এই বাসিজ কমান্ডার আরও দাবি করেন, বিদেশে সামরিক হস্তক্ষেপের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে। একই সঙ্গে যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের ক্লান্তিও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
তাঁর মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল আনতে পারেনি। বরং এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
