পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ গাড়িচালক মিলিয়ে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিশনারের বক্তব্য অনুযায়ী, ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের ওই কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
এর আগে রোববার ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা।
কারাগার সূত্র জানায়, আদালতে হাজিরার জন্য রোববার সকালে প্রিজনভ্যানে করে পিচ্চি রাজাকে ঢাকায় নেওয়া হয়। হাজিরা শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
পথে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা জানায় পিচ্চি রাজা। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যায় সে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল। নাওজোড় এলাকায় পৌঁছানোর পর প্রাকৃতিক কাজ সারার কথা বলে সে শৌচাগারে যায় এবং সেখান থেকেই পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রটি জানায়, পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।
পুলিশের ওই সূত্রের দাবি, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথেই শৌচাগারে যাওয়ার সুযোগ নিয়ে সে পালিয়ে যায়।
