টুঙ্গিপাড়ায় যেসব নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০টি স্থানে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
এসব হামলা ও অগ্নিসংযোগের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
ঘটনাগুলোর বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী রোববার রাতে বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়েছেন। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ২টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে আরেকটি মিছিল থেকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বিকেল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন দেওয়া হয়। এর এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতী বাজারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও ভাঙচুর করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করা হয়। এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
এরপর রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। বিএনপি করার কারণে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা তাদের বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেবে—এটি মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
এর আগে শনিবার বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই দিন রাতে কুশলী ইউনিয়নে বিএনপির কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
