পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ গণনায় অংশ নিয়েছেন। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে অন্তত ৫১ বস্তা টাকা। এর সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। মসজিদ কর্তৃপক্ষের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
এর আগে গত ২৭ জুন সর্বশেষ দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া অন্তত ৪৩ বস্তা টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ ছাড়া জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্সগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়। পরে সেসব টাকা মসজিদের মেঝেতে ঢেলে গণনা শুরু করা হয়। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে এ কাজে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ।
স্বেচ্ছাশ্রমে গণনায় অংশ নিচ্ছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ পরিচালনা কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।
পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের ব্যয় মেটানোর পর দানের অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি জানান, এ পর্যন্ত মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বশেষ ১২ অক্টোবর মসজিদটির দানবাক্সে পাওয়া যায় ১৭টি দেশের বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২৫ কেজি সোনা-রুপা। পরে বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া যায়। আজকের গণনা শেষে পাওয়া অর্থও আগের জমার সঙ্গে ব্যাংকে রাখা হবে। এ ছাড়া সোনা-রুপার বাজারমূল্য নির্ধারণ ও নিলাম কার্যক্রম চলমান রয়েছে।
জেলা প্রশাসক জানান, পাগলা মসজিদের তহবিলে জমা অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে সহায়তা করা হয়। মসজিদের পরিসর সম্প্রসারণের জন্য ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমিও কেনা হয়েছে।
কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রচলিত বিশ্বাস রয়েছে, এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর মসজিদের দানবাক্স খোলা হলে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।
