পরকীয়ার সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে পরকীয়ার সন্দেহে বঁটি দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী তাসলিমাকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের মোরগমহল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিলন মিয়া (৬০) ওই এলাকার মেহর আলী ওরফে হাসু ফকিরের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী মিলন মিয়া পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করতেন স্ত্রী তাসলিমা (৪০)। এ নিয়ে তাঁদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। শনিবার (২৮ নভেম্বর) রাতেও বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বিরোধের জেরে রোববার ভোরে ঘুমন্ত স্বামীর ওপর হামলা চালান তাসলিমা। এ সময় বঁটি দিয়ে তাঁর স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
পরে গুরুতর আহত অবস্থায় মিলন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত স্ত্রী তাসলিমাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
