‘অমর প্রেম’ তটিনী-পার্থর
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও অভিনেতা পার্থ শেখ অভিনীত নাটক ‘অমর প্রেম’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকে তাদের রসায়ন ও অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও নতুন এই জুটির অভিনয়ের প্রশংসা করেছেন।
বাস্তব জীবনের নয়, পর্দার প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘অমর প্রেম’। নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে এবং অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
নাটকটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা তৌসিফ মাহবুব পার্থ শেখকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। নিজের ফেসবুকে পার্থের ছবি শেয়ার করে তিনি লেখেন, “পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।”
অভিনেতা ফারহান আহমেদ জোভানও পার্থ শেখকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি নির্মাতা ইমরাউল রাফাত, জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, ইমরোজ শাওন, হাসিব হোসেন রাখি, রিফাত আদনান প্রত্যয়, মাসরিকুল আলম, ফারুক আহমেদ রেহান, সেলিম রেজা, আরমান আহমেদ প্রত্যয় এবং এস আর মজুমদারসহ অনেকে নতুন এই জুটির সাফল্য কামনা করেছেন।
ব্যক্তিগত কারণে প্রায় সাত মাস অভিনয় থেকে দূরে ছিলেন পার্থ শেখ। বিয়ের পর সাময়িক বিরতি নিয়ে এবার পরিচালক জাহিদুল ইসলাম সুজনের ‘অমর প্রেম’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরে এসেছেন তিনি। প্রত্যাবর্তনের প্রথম কাজেই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেতা।
সিএমভি প্রযোজিত ‘অমর প্রেম’ গত ২৬ জুলাই ইউটিউবে মুক্তি পায়। প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র তিন দিনেই নাটকটির ভিউ ৫৫ লাখ ছাড়িয়েছে।
তটিনী ও পার্থ শেখ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ এবং রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।
নাটকের দুটি গানে কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান রাসূল। শাহরিয়ার মার্সেলের সুর ও সংগীতে গানগুলোর কথা লিখেছেন লুৎফর হাসান এবং মাহবুব রহমান।
