×

অর্থনীতি

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:২৩ পিএম

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

ছবি : সংগৃহীত

রাজধানীর খুচরা বাজারে টানা মূল্যবৃদ্ধির পর কাঁচা মরিচের দামে কিছুটা স্বস্তি ফিরলেও ডিম, মুরগি ও মাছের দাম আবারও বেড়েছে। অন্যদিকে অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর নর্দ্দার কালাচাঁদপুরের শ্যাওড়া বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় ডিম, মাছ ও মুরগির দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা প্রায়ই বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেন।

শ্যাওড়া বাজারে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম ১৫ থেকে ২০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও একই ডজন ডিমের দাম ১৬০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। গত সপ্তাহে এই বাজারেই প্রতি ডজন ডিমের দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।

ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ টাকা বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে। পাড়ার দোকানগুলোতে একই মুরগি ২০৫ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারেও ডিম ও মুরগির একই ধরনের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

মুরগি বিক্রেতা মনসুর আহমেদ বলেন, বৃষ্টির কারণে বাজারে মুরগির সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ডিম বিক্রেতারাও সরবরাহ সংকটের একই কারণ উল্লেখ করেন।

অন্যদিকে কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। শ্যাওড়া বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। বিক্রেতাদের ভাষ্য, গত সপ্তাহে একই মরিচের দাম ছিল ৩০০ থেকে ৩৬০ টাকা। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমেছে।

সবজির বাজারে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, পটল ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৮০ টাকা এবং বরবটি ১০০ টাকা কেজি দরে। পেঁপের দামও আগের সপ্তাহের মতোই ৩০ থেকে ৪০ টাকা কেজি রয়েছে। মোহাম্মদপুর টাউন হল বাজারেও প্রায় একই দাম দেখা গেছে।

পেঁয়াজের দাম অপরিবর্তিত থেকে ৫৫ থেকে ৬০ টাকা কেজি থাকলেও আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

শ্যাওড়া বাজারে কেনাকাটা করতে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ১০০ টাকার নিচে এখন কোনো সবজি পাওয়া যায় না। ৫০০ টাকা নিয়েও চার ধরনের সবজি কেনা সম্ভব হয়নি। মাছ না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে।

একই বাজারে চালকুমড়া কিনতে আসা মোহাম্মদ আজাদ বলেন, ছোট একটি চালকুমড়া কিনতেই ৭০ টাকা খরচ হয়েছে। সামান্য কোনো কারণ পেলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। এখন বৃষ্টিকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মাছের বাজারেও দাম বেড়েছে। মোহাম্মদপুর টাউন হল বাজারে চাষের পাঙ্গাস মাছ প্রতি কেজি ২৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। তেলাপিয়া মাছের কেজি বেড়ে হয়েছে ২৬০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২৪০ টাকা।

এ ছাড়া পাবদা মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, ২ থেকে ৩ কেজি ওজনের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশের মৌসুম চললেও শ্যাওড়া বাজারে ইলিশ দেখা যায়নি। তবে মোহাম্মদপুর টাউন হল বাজারে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং ২০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টাউন হল বাজারে নাতনিকে নিয়ে বাজার করতে আসা এক বৃদ্ধা একটি ছোট রুই মাছ কিনে ফেরার পথে বলেন, ৪০০ টাকা দিয়ে একটি ছোট রুই কিনতে হয়েছে। মাছের দাম এত বেশি যে বড় মাছ কেনার সামর্থ্যই নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App