বাড়ল তেলের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি : সংগৃহীত
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে হবে ১০৮ টাকা ৭৮ পয়সায়। এর আগে প্রতি লিটারের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানিয়েছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
গণশুনানি ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনার পর ফার্নেস অয়েলের নতুন মূল্যহার নির্ধারণ করেছে কমিশন।
