×

অর্থনীতি

শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম

ছবি : সংগৃহীত

শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো সবজি আগের তুলনায় কম দামে কিনতে পারছেন ক্রেতারা। তবে টমেটো, কাঁচামরিচ, গাজর ও গোল বেগুনের দাম এখনো বেশি। অন্যদিকে মাছ ও মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর ও উত্তরা এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতের সবজি আসতে শুরু করায় প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আকারভেদে প্রতি পিস ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং বাঁধাকপিও একই দামে পাওয়া যাচ্ছে। মুলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকায়। এ ছাড়া ধুন্দল, ঝিঙা ও মেটে আলু পাওয়া যাচ্ছে ৫০ টাকা কেজি দরে।

তবে কয়েকটি সবজির দাম এখনো বেশ চড়া। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কাঁচামরিচের দাম ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ১২০ টাকা কেজি। গোল বেগুনের দাম ৮০ টাকা হলেও অন্যান্য জাতের বেগুন পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

এ ছাড়া দেশি শসা প্রতি কেজি ৪০ টাকা এবং হাইব্রিড শসা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়শ ও কচুমুখির দাম ৩০ থেকে ৪০ টাকা। বরবটি, করলা ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। প্রতি পিস লাউ পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। পেঁপে ২০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এ কারণে বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।

এক বিক্রেতা বলেন, শীতের সবজি আসতে শুরু করায় আগের তুলনায় দাম কমেছে। তবে এখনো সব ধরনের শীতকালীন সবজি বাজারে আসেনি। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে আশা করছেন তিনি।

মাছের বাজারে এখনো স্বস্তি নেই

সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে ক্রেতাদের জন্য সুখবর নেই। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ।

বর্তমানে প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাতলা প্রতি কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩২০ থেকে ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে ইলিশের দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। কোথাও কোথাও বড় ইলিশের দাম উঠেছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

অপরিবর্তিত মাংসের বাজার

মাংসের বাজারেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে গরুর মাংসের দাম প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায়। আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ বাজারদরের তথ্যেও নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র উঠে এসেছে। সংস্থাটির ৫ নভেম্বরের খুচরা বাজারদরের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, সুগন্ধি পোলাও চাল ও আমদানি করা আদার দাম কমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম

শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App