চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
জরুরি চিকিৎসার প্রয়োজনের কথা বলে এক তরুণ চিকিৎসককে ফ্ল্যাটে ডেকে নিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভারতের দুই অভিনয়শিল্পীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুই অভিনয়শিল্পীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগ, তার মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে।
ভারতের কেরালা রাজ্যের কোচিতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
মামলার সূত্রের বরাতে পুলিশ জানায়, গত সোমবার সকালে অভিনেত্রী অতুল্যা চন্দ্র ও অভিনেতা-প্রযোজক বিবিন পেরুম্বিল্লি কয়েকজন সহযোগীকে নিয়ে এক রোগীর জরুরি চিকিৎসার কথা বলে ওই চিকিৎসককে কোচির ‘এসেন স্প্রিংডেল’ নামের একটি অ্যাপার্টমেন্টে আসতে বলেন। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক সেখানে পৌঁছালে ফ্ল্যাটের ভেতরে ১২ জনকে দেখতে পান।
অভিযোগ অনুযায়ী, আসামিরা ওই চিকিৎসকের বিরুদ্ধে তাদের এক আত্মীয়কে ধর্ষণের অভিযোগে মামলা করার হুমকি দেন। এরপর বিবিন পেরুম্বিল্লি ও তার সহযোগীরা চিকিৎসককে চড় মারেন এবং একটি চেয়ারে বসিয়ে পাঁজরে আঘাত করেন।
একপর্যায়ে অভিনেত্রী অতুল্যা চন্দ্র চিকিৎসকের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোন ছিনিয়ে নেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে হুমকি দিয়ে বলতে শোনা যায়, ‘তুই একটা চোর, তোকে আমি মেরেই ফেলব।’
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে চিকিৎসককে একটি ঘরে আটকে রেখে মারধর করেন।
পরে কোনোভাবে ফ্ল্যাট থেকে বেরিয়ে কদাভান্তরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী চিকিৎসক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকি নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শুধু ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
