ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম
ছবি : সংগৃহীত
ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা খুব শিগগিরই সবাই জানতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন ভাবছি, এই লড়াই কি আমরা আরও এগিয়ে নিয়ে যাব এবং একবারেই শেষ করে দেব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।’
তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব। তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আপনারা খুব শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন।’
ট্রাম্পের দাবি, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনো শেষ হয়নি। এই সংঘাতে ক্ষতিগ্রস্ত অবস্থা কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরতে অন্তত ২৫ বছর সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।
সূত্র: আল জাজিরা
