মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ‘সুন্দর’ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ফলাফল খারাপ হয়েছে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’
শিক্ষকদের খাতা দেখার সময় নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোরতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’
আরও পড়ুন: মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ
পুনঃপরীক্ষণের খাতা পুরোপুরি দেখা হবে
এদিকে, ফল পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। তবে বর্তমানে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এসএসসিতে গড় পাস ৬২.২৫ শতাংশ
সোমবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সার্বিকভাবে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
