খাঁটি ভালোবাসায় বিশ্বাসী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৮ পিএম
বার্লিনে ‘ড্যামসেল’ ছবির প্রচারণা অনুষ্ঠানে ‘টোয়াইলাইট’ সাগা তারকা রবার্ট প্যাটিনসন জানিয়েছেন ভালোবাসা সম্পর্কে তার অনুভ‚তির কথা। এই ছবিতে প্যাটিনসনের চরিত্র খাঁটি ভালোবাসায় বিশ্বাস করে। কিন্তু প্যাটিনসন মনে করেন, বাস্তব জীবনে ভালোবাসা অনেক জটিল। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে প্যাটিনসন বলেন, ‘অবশ্যই এটা অনেক কঠিন। মূল চরিত্র স্যামুয়েল কিছুটা ফ্যান্টাসিস্ট। জীবনটাকে কবিতার মতো করে ভাবে সে। আমি মনে করি বাস্তবে জীবন এবং ভালোবাসা সে যেভাবে ভাবে তার চাইতে অনেক জটিল।’ একজন প্রত্যক্ষদর্শী কিছুদিন আগেই প্রাক্তন প্রেমিক জুটি ক্রিস্টেন স্টুয়ার্ট এবং রবার্ট প্যাটিনসনকে লস অ্যাঞ্জেলসের একটি বার-এ দেখেন। তবে তাদের আচরণ রোমান্টিক নয় বরং বন্ধু সুলভ ছিল। এরপর থেকে ভক্তরা আশা করছেন এই জুটি আবার এক হবেন। ২০০৮ সালে ‘টোয়াইলাইট’ ছবির শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ক্রিস্টেন স্টুয়ার্ট এবং রবার্ট প্যাটিনসন। ২০১২ তে ‘স্নো হোয়াইট এন্ড দ্য হান্টসম্যান’ ছবির পরিচালকের সঙ্গে স্টুয়ার্টের একটি ঘনিষ্ঠ ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের টানাপড়েন চলতে থাকে তাদের। ২০১৩ সম্পর্কের বিচ্ছেদ হয় এই জুটির।
