মারা গেছেন কারিনা কায়সার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। লিভারসংক্রান্ত জটিলতায় ভোগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (১৬ মে) কারিনার মরদেহ দেশে আনার কথা রয়েছে।
শুক্রবার(১৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটা-পৌনে একটার দিকে কারিনা মারা গেছেন। আমার আগামী রবিবার চেন্নাই যাবার কথা ছিল, কিন্তু এখন তো আর...!
কারিনা কায়সারকে অসুস্থ অবস্থায় প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।
পরিবার সূত্রে জানা যায়, 'প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।'
কারিনা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
