হাজার কোটি রুপির ‘রাকা’ নিয়ে আসছেন আল্লু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
ছবি : সংগৃহীত
‘পুষ্পা’খ্যাত দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন বড় বাজেটের নতুন সিনেমা ‘রাকা’। পরিচালক অ্যাটলি কুমারের নির্মাণে তৈরি হতে যাওয়া এই সিনেমা দুই পর্বে মুক্তি পাবে। দুটি পর্ব মিলিয়ে এর সম্ভাব্য বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনেমাটির নির্মাণে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও ভিএফএক্স বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’র গল্পে দুটি ভিন্ন সময়কাল তুলে ধরা হবে। একটি অংশ বৈদিক যুগকে ঘিরে, অন্যটি বর্তমান সময়ের। দুই সময়ের গল্প একসূত্রে গেঁথে দর্শকদের জন্য ভিন্নধর্মী সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন। আধুনিক সময়ের গল্পে তার বিপরীতে থাকবেন অভিনেত্রী মৃণাল ঠাকুর। অন্যদিকে পৌরাণিক সময়ের অংশে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর এবং রাশমিকা মান্দানাকে। এছাড়া ছবিতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি বিশেষ উপস্থিতি (ক্যামিও) থাকতে পারে বলেও জোর গুঞ্জন রয়েছে।
আরো পড়ুন : কর্মজীবনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন কুমার শানু
গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় ‘রাকা’র ফার্স্ট লুক পোস্টার। সেখানে সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হন তিনি। পোস্টারে মানুষের মুখের সঙ্গে লম্বা পশমে ঢাকা হাত ও ধারালো নখের সংমিশ্রণে রহস্যময় ও ভয়ংকর এক চরিত্রের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
যদিও ছবিটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরে ‘রাকা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
