প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকে পরিচালক রামগোপাল ভার্মা এবং অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকরের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় বিস্তর জল্পনা চলেছিল। আবার সেই সম্পর্ক এখন আলোচনায়। এবার এক প্রবীণ বলিউড সাংবাদিক দাবি করেছেন যে, প্রেমের সম্পর্কে থাকাকালীন গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল ও ঊর্মিলা।
সম্প্রতি সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেন প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ।
তার কথায়, অভিনেতা চিরঞ্জীবীর কাছ থেকেই নাকি প্রথম এই তথ্য জানতে পারেন তিনি। সেই ঘটনার স্মৃতিচারণ করে বেঙ্কটেশ বলেন, চিরঞ্জীবী আমাকে বলেছিলেন, ‘জ্যোতি, সাংবাদিক হিসাবে এত কিছু লেখ, কিন্তু রামগোপাল ও ঊর্মিলার বিয়ে নিয়ে কিছুই লিখলে না কেন?’
আরো পড়ুন: শারীরিক-মানসিক হেনস্থার অভিযোগে অভিনেত্রীর মামলা
এই দাবি শুনে তিনি বিস্মিত হয়ে চিরঞ্জীবীর কাছে প্রমাণ চান। সাংবাদিকের দাবি, চিরঞ্জীবী তাকে জানান, অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে তাদের বিয়ে হয়েছিল। এমনকি, যে পুরোহিত সেই বিয়ে দিয়েছিলেন বলে দাবি করা হয়, তার ফোন নম্বরও নাকি সাংবাদিককে দিয়েছিলেন চিরঞ্জীবী। তবে খবর প্রকাশের আগে বিষয়টি যাচাই করতে ঊর্মিলার সঙ্গে যোগাযোগ করেন ভেঙ্কটেশ।

তার দাবি, বিষয়টি শুনে অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, “আমাকে নিয়ে এভাবে কী করে লিখতে পারেন? ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই তো আপনি আমাকে চেনেন।’’ এরপর রামগোপালের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও, পরিচালক এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বলেই দাবি সাংবাদিকের।
জ্যোতি আরও দাবি করেন, পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। তার কথায়, ঊর্মিলা আইনি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ে রামগোপাল নাকি রাজি হননি। সেই মতবিরোধই শেষপর্যন্ত বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় বলে তার দাবি।
তবে পরিচালক কিংবা অভিনেত্রী— কেউই এই দাবির সত্যতা প্রকাশ্যে স্বীকার করেননি।
নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের গোড়ার দিক পর্যন্ত ‘রঙ্গীলা’, ‘দৌড়’, ‘সত্য’ এবং ‘পেয়ার তুনে কেয়া কিয়া’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন রামগোপাল ও ঊর্মিলা। তাদের ঘনিষ্ঠ পেশাদার সম্পর্ককে ঘিরে সেই সময় থেকেই ব্যক্তিগত সম্পর্কের জল্পনা ছড়িয়েছিল। এমনও দাবি করা হয়েছিল যে, এই গুঞ্জনের প্রভাব পড়েছিল পরিচালকের তৎকালীন স্ত্রী রত্না ভার্মার সঙ্গে তার দাম্পত্যেও।

পরবর্তীতে নিজের আত্মজীবনী ‘গানস অ্যান্ড থাইস: দ্য স্টোরি অব মাই লাইফ’-এ উর্মিলার প্রতি তার মুগ্ধতার কথা খোলামেলাভাবেই স্বীকার করেছিলেন রামগোপাল ভার্মা। বইটির ‘উইমেন ইন মাই লাইফ’ নামের একটি বিশেষ অধ্যায় তিনি উৎসর্গ করেছিলেন উর্মিলার নামে। সেখানে আরজিবি লিখেছিলেন যে, উর্মিলার অপরূপ সৌন্দর্য তাকে গভীরভাবে মোহাবিষ্ট করেছিল এবং সেই বিশেষ মুগ্ধতা থেকেই অনুপ্রেরণা পেয়ে তিনি ‘রঙ্গিলা’ চলচ্চিত্রে উর্মিলাকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন।
