‘আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম
ফাইল ছবি
সম্পর্ক ভেঙে গেলে তার সঙ্গে শেষ হয়ে যায় না সব গল্প। বরং শুরু হয় নানা প্রশ্ন—কে ভুল করেছেন, কার বক্তব্য সত্য, কী ঘটেছিল আসলে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বা বিতর্কে জড়াতে চান না অভিনেত্রী সাদিয়া আয়মান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, বিভিন্ন গুঞ্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এমন অবস্থানের কথা জানান তিনি। সাদিয়ার স্পষ্ট বক্তব্য, ‘কাদা ছোড়াছুড়ি’ করে বিতর্ক আরও বাড়াতে চান না।
গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সব কথার জবাব দেওয়া জরুরি নয়। নিজের পক্ষের গল্প তুলে ধরতে গেলে অনেক সময় বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে। তাঁর ভাষায়, একজন কোনো সাক্ষাৎকারে নিজের কথা বলার পর তিনি পাল্টা বক্তব্য দিলে তা অপ্রয়োজনীয়ভাবে বিতর্ক বাড়াবে।

সাদিয়া বলেন, “আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমার বিশ্বাস, সত্য কখনও চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।”
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগ্রহ নেই বলেও জানান অভিনেত্রী। এই মুহূর্তে তাঁর প্রধান লক্ষ্য ক্যারিয়ারকে আরও গুছিয়ে নেওয়া। জীবনে সঠিক সময় ও সুযোগের জন্য অপেক্ষা করাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।
সাদিয়ার মতে, মানুষ অনেক কিছু পরিকল্পনা করলেও সব সময় তা নিজের ইচ্ছামতো ঘটে না। তাই পরিস্থিতিকে সময় দেওয়াই ভালো।

ক্যারিয়ারের শুরুতেই অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে নিজের সময় ও মানসিক শক্তি নষ্ট করতে চান না তিনি। বর্তমানে তাঁর মনোযোগ কাজ, পরিবার, নিজের যত্ন এবং পোষা বিড়ালকে ঘিরেই।
সম্প্রতি নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় থাকা সাদিয়া আয়মান ব্যক্তিগত গুঞ্জন নয়, নিজের কাজের মাধ্যমেই দর্শকদের কাছে পরিচিত হতে চান।
