×

ফুটবল

বিশ্বকাপ: শীর্ষে ফ্রান্স, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:২০ এএম

বিশ্বকাপ: শীর্ষে ফ্রান্স, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপ। আর এবারের মাঠের লড়াই শুরুর আগেই দলগুলোর শক্তিমত্তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই গবেষণা প্রতিষ্ঠান ‘ট্রান্সফাররুম’ ২০২৬ বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোর বাজারমূল্য নিয়ে একটি নতুন তালিকা প্রকাশ করেছে। খেলোয়াড়দের বয়স, সাম্প্রতিক ফর্ম, চুক্তির মেয়াদ এবং তারা কোন লিগে খেলছেন— এমন সব খুঁটিনাটি বিষয় বিচার করেই তৈরি হয়েছে এই তালিকা। যেখানে সবার উপরে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

এদিকে, ফেবারিটদের তালিকায় কিছুটা পিছিয়ে থেকেই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ব্রাজিল। দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছে ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর বক্তব্যেই বিষয়টি পরিষ্কার, ‘আমরা তুমুল ফেবারিট দল নই।’ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ঘোষণা করা বিশ্বকাপ স্কোয়াডেও খেলোয়াড়দের বাজারমূল্য বিশ্লেষণ করে একই চিত্র উঠে এসেছে। 

‘ট্রান্সফাররুম’–এর বিশেষায়িত গবেষণায় দেখা গেছে, বাজারমূল্যের হিসাবে বিশ্বকাপের দলগুলোর মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ দামি স্কোয়াড ব্রাজিলের। দলবদলের বাজারে ক্লাব, এজেন্ট ও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহজ করার লক্ষ্যে প্রায় দশ বছর আগে ‘ট্রান্সফাররুম’ নামে প্রযুক্তিটি তৈরি করা হয়।

হিসাব-নিকাশে শীর্ষে রয়েছে ফ্রান্স ফুটবল দল। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে এবং আরও অনেক তারকার কারণে ফ্রান্সের স্কোয়াড দামে সবার ওপরে। তাদের বাজারমূল্য ১৪৬ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৮৬৭ কোটি ৭৮ লাখ টাকা।

এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে স্পেন, ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল। এই পাঁচটি দেশকে ইউরো মুদ্রার হিসেবে ‘বিলিয়নিয়ার ক্লাব’ হিসেবে ধরা হচ্ছে, কারণ তাদের স্কোয়াডের মোট বাজারমূল্য অত্যন্ত বেশি। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল।

ভিনিসিয়ুস ও রাফিনিয়ার মতো ইউরোপে প্রতিষ্ঠিত খেলোয়াড়, এনদ্রিক ও রায়ানের মতো প্রতিশ্রুতিশীল তরুণ এবং নেইমার, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে ব্রাজিল দলে শক্তিশালী ভারসাম্য তৈরি হয়েছে।

ফলে ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া ২৬ জন খেলোয়াড়ের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৯৪ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৪৭২ কোটি টাকা।

দুই বছর আগে ফিফার বর্ষসেরা হওয়া ভিনিসিয়ুস জুনিয়র বর্তমানে ব্রাজিলের সবচেয়ে মূল্যবান ফুটবলার। তবে এই সমীক্ষায় বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে তাঁর অবস্থান দশম। ভিনির আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৮০ লাখ ইউরো। তালিকায় শীর্ষ তিনে আছেন যথাক্রমে লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পে।

তবে বাজারমূল্যের এই হিসাবকে সম্ভবত খুব একটা গুরুত্ব দেবেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাঁর মতে, বর্তমান পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলে সেরা পাঁচ খেলোয়াড়দের মধ্যে দুজনই ব্রাজিলের।

আনচেলত্তির ভাষায়, ‘আমরা সৌভাগ্যবান যে দলে এত প্রতিভাবান খেলোয়াড় আছে। জাতীয় দলে থাকা বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যে দুজনই ব্রাজিলিয়ান। ... এই দল বিশ্বের সেরাদের সঙ্গে সমানতালে লড়াই করতে পারবে—এ বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান ও আত্মবিশ্বাস আছে।’

একই তালিকায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান দেখে কিছুটা খুশি হতে পারে ব্রাজিল ভক্তরা। ৮ নম্বরে থাকা আর্জেন্টিনার স্কোয়াডের বাজারমূল্য ৭৩ কোটি ৯০ লাখ ইউরো। বেশির ভাগ খেলোয়াড় ইউরোপিয়ান শীর্ষ ক্লাবে না খেলার কারণেই মূল্য তালিকায় লিওনেল মেসিদের এমন পতন দেখা গেছে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী

ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

ঢাকার সড়কে এআই নজরদারি এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App