জর্ডানকে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় আর্জেন্টিনার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:১১ এএম
ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। তবে তাকে ছাড়াই প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও বদলি হিসেবে নেমে আবারও নিজের ছাপ রাখেন মেসি। তার দুর্দান্ত এক ফ্রি-কিকের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য নিয়েই গ্রুপপর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিওনেল স্কালোনির দল। ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩১ মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাওতারো মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা আরো একটি গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। পরে ৫৫ মিনিটে ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান। এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।
আরো পড়ুন : ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি
গোল হজমের পাঁচ মিনিট পর, ৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। বদলি হিসেবে নেমেই আক্রমণে গতি আনেন তিনি। ম্যাচের ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক থেকে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ গোল এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৯তম গোল। পাশাপাশি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।
গ্রুপপর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে টানা তিন পরাজয়ে বিশ্বকাপ অভিষেক শেষ করেছে জর্ডান।
