জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেললেন নেইমার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
নেইমার। ছবি : সংগৃহীত
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন নেইমার। দীর্ঘদিন ধরেই এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ—এমন আলোচনা চলছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর নিজেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত স্পষ্ট করে দিলেন ব্রাজিলিয়ান তারকা।
নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান নেইমার। তিনি বলেন, আমি চেষ্টা করেছি। মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।
এর মধ্য দিয়েই ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। জাতীয় দলের হয়ে ৮০ গোল করে তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। ২০২২ বিশ্বকাপে কিংবদন্তি পেলের গোলসংখ্যা স্পর্শ করার পর ২০২৬ বিশ্বকাপে নিজের ৮০তম গোল করে বিদায় নিলেন তিনি।
আরো পড়ুন : নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে কিছু স্মরণীয় অর্জন রয়েছে নেইমারের। ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টসেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।
কোপা আমেরিকায় তার সেরা সাফল্য ২০২১ সালের ফাইনালে ওঠা। তবে শিরোপা জিততে পারেননি, কারণ সেই ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপেও সাফল্যের খুব কাছাকাছি গিয়েও স্বপ্ন অপূর্ণই থেকে গেছে নেইমারের। ২০১৪ সালে ব্রাজিল সেমিফাইনালে উঠলেও চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। পরবর্তী দুটি আসরে দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান। আর এবারের বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের।
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের সঙ্গে শেষ হলো জাতীয় দলের জার্সিতে নেইমারের দীর্ঘ ও গৌরবময় পথচলাও।
