স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স, দাবি কনাতের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগে মাঠের লড়াই শুরু হতে এখনো সময় বাকি। তবে কথার লড়াইটা জমে উঠেছে এরই মধ্যে। ফ্রান্সকে ভয় পাওয়ার কিছু নেই বলে প্রথমে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছিলেন স্পেনের লামিনে ইয়ামাল। এবার তার কথার জবাব দিলেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কনাতে।
বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ইয়ামাল বলেছিলেন, ‘কারও ভয় পাওয়ার কথা থাকলে সেটা ফ্রান্সের। ইউরোতে আমরাই তাদের বিদায় করেছিলাম।’
রোববার সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ উঠতেই কনাতে জানিয়ে দিলেন, স্পেনকে সমীহ করলেও ভয় পাচ্ছে না ফ্রান্স।
কনাতে বলেন, ‘কাউকেই ভয় পাওয়া যায় না। আমরা নিজেদের যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুত করব এবং আশা করব শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই আসবে।’
স্পেনের শক্তি নিয়ে অবশ্য কোনো সংশয় নেই এই ফরাসি সেন্টারব্যাকের। প্রতিপক্ষের আক্রমণভাগে ইয়ামাল বড় হুমকি হলেও শুধু তাকে ঘিরে পরিকল্পনা সাজানোর বিপক্ষে কনাতে।
তিনি বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের অনেক ব্যক্তিগত নৈপুণ্যসম্পন্ন খেলোয়াড় আছে। লামিনে দুর্দান্ত খেলোয়াড়, তবে আমরা শুধু একজনকে নিয়ে ভাবছি না।’
বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন। গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র ছাড়া বাকি সব ম্যাচেই জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়াও তাই ভয় নয়, বরং প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে সচেতন থাকার কথা বলেছেন।
লাক্রোয়া বলেন, ‘ভয় শব্দটি ব্যবহার করব না। তবে তাদের মান সম্পর্কে আমরা সচেতন। আমরা তাদের সম্মান করি, কিন্তু ম্যাচটি জিততে চাই। লামিনে এই বিশ্বকাপে দেখিয়েছে, সে দলগুলোর কতটা ক্ষতি করতে পারে। তাকে আটকাতে প্রয়োজনীয় সব কাজই আমরা করব।’
সাম্প্রতিক দুই বড় সেমিফাইনালে ফ্রান্সের পথ আটকে দিয়েছে স্পেন। ইউরো ২০২৪-এর শেষ চারে ফরাসিদের ২-১ গোলে হারিয়েছিল তারা। গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও স্পেনের কাছে হেরেছিল দিদিয়ের দেশমের দল।
তবে বিশ্বকাপে ফ্রান্সের সাম্প্রতিক ইতিহাস ঈর্ষণীয়। গত সাত আসরের চারটিতেই ফাইনালে উঠেছে তারা। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালে হয়েছিল রানার্সআপ। এবার তাদের সামনে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার সুযোগ।
ডালাস স্টেডিয়ামে ফ্রান্স ও স্পেনের সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায়।
