রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে যা জানা গেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৩৪ এএম
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলা ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন— এমন দাবি ছড়িয়ে পড়েছে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে সাবেক এই তারকার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে আপাতত বিষয়টি দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম ‘হাবেরলার’সহ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই তিনি কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, সরাসরি সাক্ষাতের আগে থেকেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ ছিল রবার্তো কার্লোসের। পরে তাদের সাক্ষাতের সময় শাহাদাহ পাঠ করে স্বেচ্ছায় ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি।
তবে এসব দাবির সত্যতা এখনো রবার্তো কার্লোস নিজে নিশ্চিত করেননি। তাই তার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
আরও পড়ুন: অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আলি শাহিন জানান, ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার দাবি, বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় থাকা শেখ হামাদা তাকে জানিয়েছেন, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে শেখের কাছে গিয়ে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলামকে নিজের ধর্ম হিসেবে বেছে নেন সাবেক এই ফুটবলার।
পোস্টে আলি শাহিন রবার্তো কার্লোস ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনাও জানান।
এদিকে, রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরের মধ্যেই মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। স্প্যানিশ নাগরিকত্বধারী সুহাইলা পেশায় ফিফা-লাইসেন্সপ্রাপ্ত খেলোয়াড় এজেন্ট। ফুটবলারদের ক্যারিয়ার ব্যবস্থাপনার পাশাপাশি ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প নিয়েও কাজ করেন তিনি।
আরও পড়ুন: জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা
গত ১৭ আগস্ট তাদের বিয়ের বেশ কিছু ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও বিয়েটি সাম্প্রতিক নয়। চলতি বছরের জানুয়ারিতে তাদের বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয় বলে জানা যায়।
পেশাগত পরিচয় থেকেই রবার্তো কার্লোস ও সুহাইলার সম্পর্কের শুরু। পরে তা ব্যক্তিগত সম্পর্কে গড়ায়। বর্তমানে ব্রাজিল ও ইউরোপে ফুটবলারদের ক্যারিয়ার ও ব্যবসাসংশ্লিষ্ট বিভিন্ন কাজেও তারা একসঙ্গে যুক্ত রয়েছেন।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে পরিচিত রবার্তো কার্লোস। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের সোনালি সময় কাটানোর পাশাপাশি তুরস্কের ফেনারবাচের হয়েও খেলেছেন তিনি। তার দুর্দান্ত ফ্রি-কিক, গতি ও শক্তিশালী শটের জন্য ফুটবল ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছেন এই কিংবদন্তি।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এখনো তার নিজের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।
