ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩ জন
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ১৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০ জন।
আরো পড়ুন: হাম সন্দেহে আরো চার জনের মৃত্যু
বিভাগভিত্তিক হিসাবে, চট্টগ্রামে ৬৯ জন, বরিশালে ৬৭ জন, খুলনায় ৬৬ জন, রাজশাহীতে ৩২ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ২০ জন এবং সিলেটে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এদিকে ২০২৫ সালে ডেঙ্গুতে ৪ শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখের বেশি রোগী।
