২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
ফাইল ছবি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ৬৭ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের সর্বোচ্চ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩২ জন ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: হাম উপসর্গে এক দিনে ছয় শিশুর মৃত্যু
ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৩ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রামে ১৬৫, খুলনায় ২৯০, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ১৩৭, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ৫৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৫ হাজার ১৬৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫০ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
২০২৩ সালে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। এ সময়ের মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার রোগী।
