ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ সময় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এদিকে, এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬২ হাজার ১১৭ জন।
আরো পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৩ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯ জন, ঢাকা বিভাগে ৪০৫ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশালে ১৭৮, চট্টগ্রামে ৩১৭ জন, ময়মনসিংহে ১১৩ জন, রংপুরে ৫৯ জন, সিলেটে ৮ জন এবং রাজশাহীতে ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
