বাড়িতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় একটি বাড়িতে গরুর মাংস রান্না করার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (২৬ জুন) পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে কাঁচা ও রান্না করা মাংস উদ্ধার করা হয়।
কৌশাম্বী জেলার পুলিশ সুপার (এসপি) সত্যনারায়ণ প্রজাপত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে পানারা গোপালপুর গ্রামের একটি বাড়িতে নিষিদ্ধ গরুর মাংস রান্না হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ দেখে ওই বাড়ির চারজন পুরুষ গ্রামের সরু গলি দিয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, বাড়িতে প্রবেশ করে তিন নারীকে বসে থাকতে দেখা যায়। তাদের কাছে একটি পাত্রে রান্না করা মাংস এবং একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে কাঁচা মাংস ছিল। অভিযুক্ত নারীরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যরা তাদের ধরে ফেলেন।
এসপি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীরা স্বীকার করেছেন যে সেগুলো গরুর মাংস ছিল। মাংস তাদের পরিবারের পুরুষেরা বাড়িতে নিয়ে এসেছিলেন। উদ্ধার করা মাংসের অর্ধেক সেদিন খাওয়ার জন্য রান্না করা হচ্ছিল এবং বাকি অর্ধেক পরের দিনের জন্য রাখা হয়েছিল। গ্রেপ্তার হওয়া ওই তিন নারীই স্থানীয় গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে এক কেজি কাঁচা এবং এক কেজি রান্না করা মাংস জব্দ করা হয়েছে। মাংসগুলো গরুর বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় সরাই আকিল থানায় ‘উত্তর প্রদেশ গো-হত্যা প্রতিরোধ আইন’-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত নারীদের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রে
