স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:১০ এএম
ছবি : সংগৃহীত
আন্দোলন প্রত্যাহারের পরও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ তুলে ফের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে গভীর রাতের বৈঠকের পর আপাতত নতুন কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। সরকারের পক্ষ থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে হয়রানি না করার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেছে সিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপি নেতাদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংগঠনটি জানায়, আন্দোলনে অংশ নেওয়া কাউকেই একা ফেলে রাখা হবে না এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
সিজেপির দাবি, বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নেওয়া মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকার প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে। বিহার ও আসাম সরকারের জারি করা প্রজ্ঞাপনের কপিও তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, কেন্দ্রীয় সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং বিজেপি বা এনডিএ-শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
সিজেপির মুখপাত্র জানান, সরকারের আশ্বাস বাস্তবায়ন নিয়ে তাদের উদ্বেগের বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে সরকারি প্রতিনিধিরা বিহার স্বরাষ্ট্র বিভাগের বিজ্ঞপ্তি দেখিয়ে আশ্বস্ত করেছেন যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
আরো পড়ুন : ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ
সৌরভ দাস বলেন, অন্য রাজ্যগুলোতেও একই ধরনের প্রজ্ঞাপন জারির বিষয়ে আলোচনা হয়েছে, যাতে আন্দোলনে অংশ নেওয়া কেউ আইনি হয়রানির শিকার না হন। সরকারের পক্ষ থেকে মঙ্গলবারের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে সোমবার সিজেপি অভিযোগ করেছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন হচ্ছে না। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লিসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের গ্রেপ্তার ও নজরদারির ঘটনা ঘটছে।
তিনি বলেন, সমঝোতা অনুযায়ী সব মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সিজেপি আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তবে সরকারের সঙ্গে সর্বশেষ বৈঠকের পর আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে সংগঠনটি।
