সরকারিভাবে গোমূত্র কেনা শুরু করল ভারত, প্রতি লিটার ১০ রুপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে সরকারি উদ্যোগে গোমূত্র কেনার কার্যক্রম শুরু হয়েছে। রাজ্যের বুলন্দশহর জেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এ কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার গোমূত্র ১০ রুপি দরে কিনছে সরকার। প্রকল্প সফল হলে এর পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে প্রতি লিটার ২০ রুপি দরে গোমূত্র কেনার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১২ আগস্ট) ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারের দাবি, দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরু যাতে মালিকেরা ছেড়ে না দেন, সে লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে। পরিত্যক্ত গরুগুলো খাবারের সংকটে পড়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। গোমূত্রের বিনিময়ে অর্থ দেওয়ার মাধ্যমে কৃষক ও খামারিদের এসব গরু নিজেদের কাছে রাখার জন্য উৎসাহিত করতে চায় সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রকল্পটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে ব্যবহার করা হবে।
আরও পড়ুন: ২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
কর্মকর্তাদের ধারণা, কৃষিতে গোমূত্র ব্যবহার করা হলে রাসায়নিক কৃষিপণ্যের ওপর নির্ভরতা কমানো সম্ভব হতে পারে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহের জন্য ১৫টি গ্রামের বিভিন্ন স্থানে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে।
এ প্রকল্পের আরেকটি উদ্দেশ্য হিসেবে গ্রামীণ নারীদের বাড়তি আয়ের সুযোগ তৈরির কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী দল সমাজবাদী পার্টি। দলটির অভিযোগ, সাধারণ মানুষের উপকারের চেয়ে অর্থ অপচয় ও অনিয়মের সুযোগ তৈরিই প্রকল্পটির মূল উদ্দেশ্য।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গোমূত্র সংগ্রহ ও ব্যবহারের মাধ্যমে একদিকে পরিত্যক্ত গবাদিপশুর সংখ্যা কমানো এবং অন্যদিকে কৃষিকাজে বিকল্প উপকরণ ব্যবহারের সুযোগ তৈরি হবে।
