২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নথিপত্রের ঘাটতি ও পরিচালনাগত অনিয়মের অভিযোগে রাজ্যের ২২টি জেলায় পরিচালিত সমীক্ষার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রাজ্যের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, মাদ্রাসাগুলোর অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বন্ধের নোটিশ পাওয়া ২৫২টি মাদ্রাসার মধ্যে মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদ্রাসাগুলোকে বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনের বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
রাজ্যজুড়ে মাদ্রাসায় সমীক্ষা
পশ্চিমবঙ্গে স্বীকৃত ও অননুমোদিত মাদ্রাসার প্রকৃত সংখ্যা নির্ধারণে গত জুনে রাজ্যজুড়ে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়। এরপর সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতাসহ ২২টি জেলায় সমীক্ষা পরিচালনা করা হয়।
সমীক্ষায় মাদ্রাসাগুলোর পরিচালনব্যবস্থা, শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি, অর্থের উৎস এবং নিবন্ধনসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গে বৈধ অনুমোদন নিয়ে ২ হাজার ১৩২টি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। অন্যদিকে অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি।
সরকারের দাবি, সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়ায় আরও ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
