গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ভোলার নতুন খনন করা ভোলা নর্থ-৩ গ্যাসকূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে এ স্তর থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত কূপটির তৃতীয় স্তরে আগুন জ্বালানোর মাধ্যমে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শুরু হয়। এ পরীক্ষা এখনো চলমান রয়েছে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা নর্থ-৩ কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। কূপটির প্রথম স্তর থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট এবং দ্বিতীয় স্তর থেকে ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় স্তরটি ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতায় অবস্থিত।
এ ছাড়া তৃতীয় স্তরটি ৩ হাজার ১৮৭ থেকে ৩ হাজার ১৯০ মিটার গভীরতায় পাওয়া গেছে। এ স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাপেক্স।
সংস্থাটি জানিয়েছে, ড্রিল স্টেম টেস্ট শেষ হওয়ার পর কূপটির চূড়ান্ত গ্যাস মজুতের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন করা হয়। পরদিন ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি শুরু হয়। পরে ২২ নভেম্বর দ্বিতীয় স্তরের ডিএসটি কার্যক্রম শুরু করা হয়েছিল।
