স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ নভেম্বর) ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ সমর্থনের কথা জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সংগত সংগ্রামে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের ধারাবাহিক লঙ্ঘন আন্তর্জাতিক সংহতি দিবসটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তারেক রহমান আরও বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি ইসরায়েলি বসতির সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতিও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। ওই মতামতে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করা এবং দখলদারিত্বের অবসানের আহ্বানও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানান তিনি।
এ ছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট দায়িত্বসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানান প্রধানমন্ত্রী।
বাণীর শেষাংশে তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে, যাতে তারা নিজস্ব স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারে।
