নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
ছবি : সংগৃহীত
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাড়ছে না। অর্থ বিভাগের এ সিদ্ধান্তের ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য যে বেতনকাঠামো তৈরি করা হয়েছে বা হচ্ছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও তার আওতাভুক্ত। তাই এ ক্ষেত্রে বৈষম্যের সুযোগ নেই। তবে মূল বেতন বাড়লেও নতুন পে-স্কেলের পূর্ণাঙ্গ আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে তাঁদের।
অর্থ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গত ৩০ জুন কার্যকর থাকা হারেই সরকারি কর্মচারীরা বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা পাবেন। অর্থাৎ নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এসব ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকবে। ফলে মূল বেতন বাড়ার তুলনায় মোট বেতন বৃদ্ধির হার কম হতে পারে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। তবে দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে সরকারের প্রায় ১০ হাজার ৫০ কোটি টাকা প্রয়োজন হবে।
তিন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন-ভাতা বাবদ মোট ১০ হাজার ৪৯ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা প্রয়োজন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল ও কলেজের জন্য বরাদ্দ প্রয়োজন ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।
মাউশির সংশোধিত হিসাব অনুযায়ী, এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। অন্যদিকে কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রয়োজন ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজন ১ হাজার ২২১ কোটি টাকা।
জানা গেছে, তিন অধিদপ্তরের হিসাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতিও চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা জানান, নতুন করে হিসাব তৈরির কাজ শেষ হয়েছে। সংশোধিত হিসাব ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। খুব শিগগির প্রজ্ঞাপন জারি হবে বলে আশা করছেন তাঁরা। সরকারি কর্মচারীদের মতো পরিস্থিতিতে শিক্ষকদের পড়তে হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা।
তবে নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা কী হারে নির্ধারণ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও প্রজ্ঞাপনের ওপর নির্ভর করছে তাঁদের পূর্ণাঙ্গ আর্থিক সুবিধা।
