ভারত-পাকিস্তান নৌবাহিনীর সংঘর্ষ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানি নৌবাহিনীর আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের নৌবাহিনীর ইউনিটের মধ্যে এই সংঘর্ষ হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
ভারতের দাবি, পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের এ ধরনের আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশল এবং সেনা চলাচলের আগাম বিজ্ঞপ্তিসংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পাকিস্তানি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় বার্তা দিতে দেশটির চার্জ ডি’অ্যাফেয়ার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সংশ্লিষ্ট চুক্তি মেনে চলা এবং সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাকিস্তানি কূটনীতিককে এই বার্তা ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিতে বলা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে দুই দেশের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মধ্য দিয়ে বিষয়টি মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।
