স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার পর্যটকবাহী একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে যমুনা এক্সপ্রেসওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, নয়ডা থেকে উত্তর প্রদেশের মহোবার উদ্দেশে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনার সময় বাসে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। ভোরে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ বাসে আগুন ধরে যায়।
আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের দ্রুত সরিয়ে নেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। তবে কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সূত্র: এনডিটিভি
