×

রাজশাহী

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

Icon

এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বসতবাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুন ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালানো হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। যার নম্বর ৩২, তারিখ ১২-১১-২০২৬। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। 

এমপি নুসরাত তাবাসসুম মামলার এজাহারে উল্লেখ করেন, সংসদ অধিবেশন চলার কারণে ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ওই সময় দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুন এবং পরিবারের অন্য সদস্যরা। 

এজাহারের বর্ণনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিস্ফোরণের বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ওই বাড়ির ৮টি ঘরের ৫টি ঘরই ভস্মীভূত হয়ে যায়। 

এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ ও পূর্বপরিকল্পনার অভিযোগও এনেছেন তিনি। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়। নুসরাত তাবাসসুমের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। 

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসব অভিযোগের বিষয়ে পুলিশের একাধিক ইউনিট ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। 

এদিকে ঘটনার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পরিবারের পাশে থাকতে বৃহস্পতিবার সারা দিন তাদের বাড়িতে অবস্থান করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। থানায় মামলা দায়েরের সময়ও তিনি নুসরাত তাবাসসুমের সঙ্গে ছিলেন। এর আগে নুসরাত তাবাসসুমের সঙ্গেই তিনি ঢাকা থেকে দৌলতপুরে আসেন। 

ইয়াসির আরাফাত সাংবাদিকদের জানান, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এ ঘটনা পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের শুক্রবার সকালে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। বিকালে তারা সংসদ সদস্যের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। এ কারণে নুসরাত তাবাসসুম শুক্রবারও গ্রামের বাড়িতে অবস্থান করবেন এবং পরিদর্শনে আসা কমিটির সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, আগুনের ঘটনায় রাতে মামলা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম-পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। 

নুসরাত তাবাসসুম জ্যোতির বসতবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অব্যাহতভাবে পুলিশের অভিযান চালানো হচ্ছে। তবে শুক্রবার সকালে এ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকায় অবস্থানরত কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। এক বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির বাড়িতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ​বিবৃতিতে তিনি আরও বলেন, অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। পাশাপাশি এই নাশকতা বা অগ্নিকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান। 

এদিকে নিরাপত্তাহীনতা, হয়রানি ও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মামলা দায়েরের পর নুসরাত তাবাসসুম গত রাতে তার সর্বশেষ ফেসবুক পোস্টে লেখেন 'আমি এবং আমার পরিবার নাশকতার শিকার। আজ সারাদিন নানাবিধ ঘটনার পাশাপাশি সংসদীয় পদ্ধতিতে অপরাধ লঘূকরণও দেখলাম। একই সাথে অসংখ্য শুভানুধ্যায়ী আমার পাশে দাঁড়িয়েছেন, দলমত পেশা নির্বিশেষে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের।' 

তিনি আরও লেখেন, 'এতসব ঘটনার মধ্যেও আরও একটা নাগরিক হয়রানির ঘটনা আজ না বললেই না। আমাদের নিরাপত্তা কতটা ভঙ্গুর সেটা বোঝা যায় কাজের ভঙ্গিতে। আগুন লাগার পর ৯৯৯-এ ফোন দিয়ে যোগাযোগে অসমর্থ হয়ে ব্যক্তিগতভাবে পুলিশের সাথে কথা বলতে হয় আমাকে। ফায়ার সার্ভিস আসতে আসতে তিনভাগ ঘর পুড়ে শেষ! তারপর ফায়ার সার্ভিস তো আসল; কিন্তু সাথে বিন্দুমাত্র কোন আলামত সংরক্ষণের উপায় আসল না! পেট্রোল, ডিজেল জাতীয় তেল উদ্বায়ী পদার্থ, তার ওপর পানিতে ধুয়ে যায় নানা প্রমাণাদি। সেই আগুনে পোড়া, পানিতে ভেজা ঘর পড়ে থাকল পুরো ১৩ ঘন্টা! তারপর আসল ফরেনসিক! এই যদি হয় একটা বিস্ফোরণের আলামত সংগ্রহের ঘটনা, তাহলে একবার ভাবুন ধর্ষণ কিংবা খুনের মত অপরাধের কত তথ্য প্রমাণ শুধুমাত্র সঠিক সংরক্ষণ প্রক্রিয়ার অভাবে নষ্ট হয়ে যায়!' 

নুসরাত তাবাসসুম এই পোস্টে লেখেন, 'যাইহোক, এতকিছুর পরও আশা করি সুষ্ঠু তদন্ত হবে। যদিও আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে আমি সন্দিহান থাকব। তদন্ত চলাকালীন সময় তিনি সংসদে দাঁড়িয়ে বলে দেন রিপোর্ট কি হতে পারে! আবার মামলার আগেই বলে ফেলেন আমি নাকি জিডি করেছি! কিমাশ্চর্যম! হোম মিনিস্টার নিজেই যদি চান রিপোর্ট কেমন হবে, কার ঘাড়ে ক'টা মাথা যে তার অন্যথা করে! উনার এই চশমার ওপর দিয়ে নাকউঁচু করে গুরুগীরি ফলানো, এই স্নবারি, এই কুল ডুড সাজার জন্য কন্টিনিউস ডিনায়াল আসলে উনাকে কোন জায়গায় দাঁড় করাচ্ছে! এমনভাবে ঠাট্টা করলেন যেন একজন সংসদ সদস্যের গবাদিপশু থাকাটা ভারি অবাক কথা! ভারি মজার কথা! উনাকে বলতে চাই, জনাব সবার সম্পত্তি তিরিশ গুণ করে বাড়ে না৷ আর কৃষিপ্রধান দেশে কৃষিখামারকে পেশা হিসেবে নেয়াটা কোন অসম্মানের কাজ না। আমি আমার চাষবাস, গরুছাগল, হাঁস মুরগী, কবুতরের হালাল উপার্জন নিয়ে অনেক ভালো আছি।' 

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, 'আপনার উন্নাসিকতা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বাস্তবতার প্রতিনিধিত্ব করে না, এমনকি আপনি সাধারণ মানুষের চাওয়া পাওয়া সম্পর্কেও অবগত নন। এ থেকে আবারও আরেকবার শিক্ষা নিতে হবে যে কেউ ভালো করে কথা বললেই উপকারী এবং যোগ্য হয়ে যায় না। আপনি আপনার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিপূর্ণ ব্যর্থ; বরং নতুন মিনিস্ট্রি খুলে ফেলেন। গুড লাক ফর সংবিধান মিনিস্ট্রি!'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App