বিবিসির ২ হাজার কর্মীর ছাঁটাই দেশি গণমাধ্যমে হয়ে গেল ২১ হাজার!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি- সংগৃহীত
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) কর্মী ছাঁটাইয়ের একটি খবর প্রকাশ করতে গিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে বাংলাদেশের বেশ কিছু মূলধারার সংবাদমাধ্যম। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এর প্রতিবেদনকে ভুলভাবে অনুবাদ করার ফলে ২ হাজার কর্মীর ছাঁটাইয়ের খবরটি বাংলাদেশি পাঠকদের কাছে ২১ হাজার কর্মীর ছাঁটাই হিসেবে উপস্থাপিত হয়েছে।
গত বুধবার দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানায়, বড় ধরনের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে বিবিসি। প্রতিবেদনটির শিরোনাম ছিল—'BBC to cut up to 2,000 jobs in biggest downsize in 15 years'। অর্থাৎ গত ১৫ বছরের মধ্যে এটিই বিবিসির সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া হতে যাচ্ছে। বর্তমানে বিবিসির মোট জনশক্তি প্রায় ২১ হাজার ৫০০ জন। সেই হিসেবে ২ হাজার কর্মীর এই ছাঁটাই প্রতিষ্ঠানটির মোট জনশক্তির প্রায় ১০ শতাংশ।
তবে বাংলাদেশি বেশ কিছু সংবাদমাধ্যম এই খবরের ইংরেজি অনুবাদ করতে গিয়ে বড় ধরনের ভুল করে বসে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ ছিল— “Staff were informed of the cuts, which will affect about 10% of the BBC’s 21,500 employees...”। অর্থাৎ ২১ হাজার ৫০০ কর্মীর মধ্যে ১০ শতাংশ এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন। কিন্তু এই বাক্যটি ভুলভাবে পড়ে অনেক সংবাদমাধ্যম শিরোনাম করে বসে— ‘২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি’।
ভুল তথ্য পরিবেশন করা সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে দৈনিক আমার দেশ, ঢাকা পোস্ট, ভোরের কাগজ, ঢাকা টাইমস, আজকালের খবর এবং বাহান্ন নিউজ। এসব পোর্টালে দাবি করা হয় যে, বিবিসি তাদের ২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে। অথচ বিবিসির মোট কর্মী সংখ্যাই যেখানে ২১ হাজার ৫০০ জন, সেখানে ২১ হাজারের বেশি ছাঁটাই করার অর্থ হলো পুরো প্রতিষ্ঠানটিকেই কার্যত বিলুপ্ত ঘোষণা করা। মূলত ১০ শতাংশের হিসাবটি ধরতে না পেরেই এমন বিভ্রান্তিকর শিরোনাম তৈরি হয়েছে।
