যুদ্ধের খরচ নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ১ মে তিনি সামাজিক মাধ্যম এক্সে এ অভিযোগ তোলেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে তাদের খরচ হয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলার। আরাগচি দাবি করেন, প্রকৃত খরচ এর চারগুণ, অর্থাৎ ১০০ বিলিয়ন ডলার। তিনি লিখেছেন,'নেতানিয়াহুর বাজি এখন পর্যন্ত সরাসরি যুক্তরাষ্ট্রের ১০০ বিলিয়ন ডলার খরচ করেছে।'
আরাগচি আরও বলেন, পরোক্ষ খরচ যোগ করলে মার্কিন করদাতাদের ক্ষতি আরও বেশি। তার হিসাবে, প্রতিটি মার্কিন পরিবারের মাসিক ব্যয় ৫০০ ডলারের বেশি বাড়ছে এবং এই ব্যয় দ্রুত বাড়বে। তিনি মন্তব্য করেন,'যুক্তরাষ্ট্র যখনই ইসরায়েলকে এগিয়ে রাখে তারা তখনই সবসময় পিছিয়ে থাকে।'
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর টানা ৪০ দিন সংঘাত চলে। এ সময় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোও ক্ষতিগ্রস্ত হয়। ইরান প্রথমে ওই অঞ্চলের মার্কিন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করলে ইরান পাল্টা হামলায় আরব দেশগুলোর অবকাঠামোতে আঘাত হানে।
হামলা-পাল্টা হামলার পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতি এখনো বহাল আছে। তবে আলোচনায় অগ্রগতি না থাকায় সংঘাত আবার শুরু হতে পারে বলে কূটনৈতিক মহল আশঙ্কা করছে।
