সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে ভাবছি না : ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:২২ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোই বর্তমানে তার প্রশাসনের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তার মূল মনোযোগ এখন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার দিকে। এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
যুদ্ধ পরিস্থিতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সাধারণ মানুষের আর্থিক চাপ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কঠোর সুরে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমি কাউকে নিয়ে ভাবি না।” তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য তার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। কারণ নির্বাচনী প্রচারণায় তিনি বারবার জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক স্বস্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় প্রেসিডেন্টের এমন মন্তব্য সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
ইতোমধ্যে ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাদের দাবি, এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে ট্রাম্প সাধারণ মানুষের বাস্তব সমস্যা ও দুর্ভোগ থেকে বিচ্ছিন্ন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্টের এমন সংবেদনশীল মন্তব্য তার জনপ্রিয়তার ওপর প্রভাব ফেলতে পারে।
