চীনের একক আধিপত্যের বিষয়ে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি- সংগৃহীত
চীনসহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করে এশিয়া অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরে চলমান এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংগ্রি-লা ডায়ালগ’-এ বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তবে বেইজিংকে এই কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক গত বহু বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
সম্মেলনে চীনকে উদ্দেশ্য করে হেগসেথ বলেন,'চীনসহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমাদের জাতি ও মিত্রদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না।'
দুই দেশের মধ্যকার বর্তমান সম্পর্ক নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন,'আমরা আমাদের চীনা সমকক্ষদের সঙ্গে সামরিক পর্যায়ে যোগাযোগের পথ উন্মুক্ত রেখেছি। আগের চেয়ে এখন আরও ঘন ঘন বৈঠক হচ্ছে।' একই সঙ্গে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র চায় চীন যেন এই অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থানকে সম্মান জানায়।
পিট হেগসেথ জোর দিয়ে বলেন, যেকোনো একটি পক্ষের একক আধিপত্য এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করবে। ইরান সংকটের কারণে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনের পুরো মনোযোগ অন্যদিকে থাকলেও, যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
