যুক্তরাষ্ট্রে দাবানলের তাণ্ডব, ধ্বংসস্তূপে শত শত ঘরবাড়ি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করায় অন্তত ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে এলাকাটির আনুমানিক ৬০০টি বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২ আগস্ট) রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তীব্র এই অগ্নিকাণ্ডে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এবং এর চারপাশের প্রায় ৮.২ বর্গমাইল এলাকা ভস্মীভূত হয়েছে। স্পোকেন ছাড়াও যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকার দাবানল এখনো অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে এবং আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
আরো পড়ুন: অবশেষে জনসম্মুখে আসছেন শেখ হাসিনা
কর্মকর্তারা বলেছেন, ‘স্পোকেনে সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে সেখানকার মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন চিত্রে দেখা যায়, একের পর এক ভবনে লেলিহান শিখা জ্বলছে এবং আবাসিক এলাকাগুলোর ওপর ধোঁয়ার ঘন কালো কুণ্ডলী ভাসছে। পুড়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্যে এখন কেবল অগ্নিকুণ্ডের চিমনিগুলোই খাঁ খাঁ করে দাঁড়িয়ে আছে।
কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ‘আগামী কয়েক দিন এলাকাটির আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো সম্ভাবনা নেই।’
স্পোকেনে ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, ‘আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী কয়েকটা দিন বেশ কঠিন হবে।’
তবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাওয়া একমাত্র এলাকা স্পোকেন নয়।
কেবল স্পোকেন নয়, দাবানলের শিখা ছড়িয়ে পড়েছে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনের প্রায় ৫২৫ বর্গমাইল বিস্তৃত তৃণভূঞ্চলজুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে টানা দশম দিনের মতো বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করে জোর তৎপরতা চালানো হচ্ছে। গবাদিপশুর খামারসমৃদ্ধ এই অঞ্চলে অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০টি বসতবাড়ি এবং ৮০০-রও বেশি বিভিন্ন অবকাঠামো এখন চরম ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের অধিকাংশ সময় জুড়ে ওই অঞ্চলে প্রখর রোদ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এমনকি বুধবার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘর পার হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা বলছেন, মূলত বজ্রপাতের ফলেই এই ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছিল।
পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় আবহাওয়া দপ্তর থেকে পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানার বায়ুদূষণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ইউটা, মন্টানার একাংশ এবং পশ্চিম নেব্রাসকায় দাবানল সংক্রান্ত ‘রেড ফ্ল্যাগ’ জারি রয়েছে। অন্যদিকে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, দক্ষিণ নেভাডা এবং উত্তর মন্টানায় চরম দাবদাহ বা তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে।
স্পোকেন কাউন্টির কমিশনার ক্রিস জর্ডান বলেছেন, ‘দাবানলে তার আত্মীয়রাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারাও এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এলাকা ছাড়ার সময় তারা চারদিকে শুধু ধোঁয়া দেখতে পাচ্ছিলেন, যা বহু মানুষের জন্য অত্যন্ত ভীতিকর ছিল।’
