×

আন্তর্জাতিক

ইতালিতে বিকল ঢাকাগামী বিমান, ৭ ঘণ্টা ভোগান্তিতে আড়াই শতাধিক যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

ইতালিতে বিকল ঢাকাগামী বিমান, ৭ ঘণ্টা ভোগান্তিতে আড়াই শতাধিক যাত্রী

ছবি : সংগৃহীত

কানাডার টরন্টো থেকে ঢাকাগামী রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালিতে যান্ত্রিক ত্রুটির কারণে সাত ঘণ্টার বেশি সময় আটকে ছিল। জ্বালানি নেওয়ার নির্ধারিত যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা ধরা পড়ে। এ সময় আড়াই শতাধিক যাত্রী উড়োজাহাজের ভেতরেই অবস্থান করেন।

যাত্রীদের বরাত দিয়ে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর কারিগরি পরীক্ষায় যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে উড়োজাহাজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

ফ্লাইটে থাকা যাত্রীরা জানান, যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত উড়োজাহাজটি ছাড়তে পারবে না বলে তাদের জানানো হয়। স্থানীয় সময় দুপুর প্রায় সোয়া ২টা পর্যন্ত বিমানটি বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন পুনরায় যাত্রা শুরু হবে, সে বিষয়ে তখনও কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি।

দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অবস্থান করায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তারা। দ্রুত পরিস্থিতির সমাধানে বিমান কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপও কামনা করেন যাত্রীরা।

ফ্লাইটের যাত্রী শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, গরম ও অস্বস্তিকর পরিবেশে দীর্ঘ সময় আটকে থাকায় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, বিকল্প ফ্লাইটের ব্যবস্থা, যাত্রীদের আবাসন এবং খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে।

উল্লেখ্য, সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। এর আগে একই ধরনের সমস্যায় দুবাইগামী আরেকটি ফ্লাইটও মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

‘মিষ্টি ভাবমূর্তি নায়িকার, কিন্তু অর্থের বিনিময়ে ঘনিষ্ঠ হন’

‘মিষ্টি ভাবমূর্তি নায়িকার, কিন্তু অর্থের বিনিময়ে ঘনিষ্ঠ হন’

‘গুপ্ত আওয়ামী লীগ’ প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা

‘গুপ্ত আওয়ামী লীগ’ প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা

ইতালিতে বিকল ঢাকাগামী বিমান, ৭ ঘণ্টা ভোগান্তিতে আড়াই শতাধিক যাত্রী

ইতালিতে বিকল ঢাকাগামী বিমান, ৭ ঘণ্টা ভোগান্তিতে আড়াই শতাধিক যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App