নিজ বাড়ি থেকে মন্ত্রীকে অপহরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আবাসনমন্ত্রী আমজাদ আলীকে নিজ বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠেছে। একই প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) ফজল হাকিম খান ইউসুফজাইয়ের ম্যানেজারকেও অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৯ অক্টোবর) প্রদেশটির সোয়াত এলাকায় এসব ঘটনা ঘটে।
ভুক্তভোগী মন্ত্রীর পরিবারের দাবি, মুখোশধারী অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শামোজাই এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে আমজাদ আলীকে তুলে নিয়ে যায়। এ সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতার বৈঠকখানায় ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে পরিবারটি।
অন্যদিকে, মিনগোরা এলাকায় পিটিআই নেতা ফজল হাকিমের ম্যানেজার ইহসান আলম সানিকেও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ফজল হাকিম। অপহৃতদের দ্রুত উদ্ধারে পুলিশের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তারা অবগত নয়।
সূত্র: ডন
