×

আন্তর্জাতিক

রাশিয়ার নৌঘাঁটি-চার যুদ্ধজাহাজে হামলা ইউক্রেনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

রাশিয়ার নৌঘাঁটি-চার যুদ্ধজাহাজে হামলা ইউক্রেনের

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ নোভোরোসিস্ক বন্দরের দুটি প্রধান শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আক্রান্ত হয়েছে কৃষ্ণ সাগরে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, রাতভর চালানো হামলায় আট বছরের এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ নৌঘাঁটিতে হামলা চালাতে রকেট, যুদ্ধবিমান ও নৌড্রোন ব্যবহার করে ‘অনন্য অভিযান’ পরিচালনা করেছে কিয়েভ। তবে শস্য টার্মিনালে হামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, হামলায় রাশিয়ার চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি ফ্রিগেট রয়েছে। তবে এসব দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইসরায়েলের ভুয়া খবরে ক্যাটারিং ট্রাকে চড়ে বিমান বদলান ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসন অব্যাহত থাকলে রুশ নৌবহর কিংবা তাদের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।

নোভোরোসিস্ক রাশিয়ার অন্যতম প্রধান বন্দর এবং কৃষ্ণ সাগরীয় নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইউক্রেনীয় হামলার ঝুঁকির কারণে রাশিয়া এর আগে ক্রিমিয়ার সেভাস্তোপল থেকে নৌবহরের বড় একটি অংশ সরিয়ে এই বন্দরে নিয়ে আসে।

এদিকে, নোভোরোসিস্ক বন্দরের দুটি শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিগুলোও নিশ্চিত করেছে। একটি প্রধান শস্য বিপণন প্রতিষ্ঠান রুশ বার্তা সংস্থা তাসকে এবং অন্য একটি কোম্পানি রয়টার্স ও রুশ সংবাদমাধ্যম আরবিকে-কে এ তথ্য জানিয়েছে।

হামলার প্রভাব সামাল দিতে রাশিয়ার কৃষি মন্ত্রণালয় পণ্য পরিবহনের বিকল্প পথ ব্যবহারের উদ্যোগ নিয়েছে। বুধবার মন্ত্রণালয় জানায়, বাল্টিক ও কাস্পিয়ান সাগরের বন্দর এবং স্থলপথে পণ্য পরিবহনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে বিবৃতিতে ইউক্রেনের হামলার কথা উল্লেখ করা হয়নি; বরং ‘বর্তমান লজিস্টিক সীমাবদ্ধতার’ কথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নোভোরোসিস্কে সারারাত ধরে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ড্রোন হামলায় বন্দরের আশপাশের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শহরের পানি সরবরাহও বন্ধ হয়ে যায়। পরিস্থিতির কারণে বুধবার নোভোরোসিস্কে জরুরি অবস্থা জারি করা হয়।

আরও পড়ুন: মাত্র ৩ ঘণ্টা ঘুমিয়ে দায়িত্ব সামলান যেসব নেতারা

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত হয়েছেন। তাঁর দাবি, রাতভর ওই অঞ্চলের বিভিন্ন স্থানে ‘কয়েকশ ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়। এতে বসতবাড়িসহ কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁদের বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা হামলায় নিহত হন।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে কৃষ্ণ সাগর দুই দেশের সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিছুদিন তুলনামূলক শান্ত থাকার পর চলতি গ্রীষ্মে ইউক্রেন ও রাশিয়া আবারও একে অপরের বন্দর ও জাহাজ লক্ষ্য করে হামলা বাড়িয়েছে।

রুশ হামলার কারণে ইউক্রেনের সমুদ্রপথে বাণিজ্যও ব্যাহত হয়েছে। কার্গো জাহাজ ও ওডেসা বন্দরে একাধিক প্রাণঘাতী হামলার পর দেশটির রপ্তানি কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। ইউক্রেনীয় অ্যাগ্রিবিজনেস ক্লাবের গত জুলাইয়ের তথ্য অনুযায়ী, দেশটির রপ্তানি ২৩ শতাংশ কমেছে।

রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই বৈশ্বিক শস্যবাজারের গুরুত্বপূর্ণ সরবরাহকারী। বিশেষ করে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে খাদ্য সরবরাহে তাদের ভূমিকা উল্লেখযোগ্য। ফলে যুদ্ধ শুরুর পর থেকেই বৈশ্বিক খাদ্যনিরাপত্তায় এর প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

২০২২ সালে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’-এর আওতায় ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের একটি নিরাপদ করিডোর চালু হয়েছিল। এর মাধ্যমে ইউক্রেনীয় শস্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ পায়। তবে পরের বছর রাশিয়া চুক্তি থেকে সরে যাওয়ার পর সমুদ্রপথে হামলার ঝুঁকি আবারও বেড়ে যায়। এতে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির ওপর নতুন করে চাপ তৈরি হয়।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

গ্রিনকে আউটের পর তাসকিনের অদ্ভুত উদযাপন, ভিডিও ভাইরাল

গ্রিনকে আউটের পর তাসকিনের অদ্ভুত উদযাপন, ভিডিও ভাইরাল

পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

গরিবের টেসলায় মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

গরিবের টেসলায় মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App