ইসরায়েলের ভুয়া খবরে ক্যাটারিং ট্রাকে চড়ে বিমান বদলান ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে।
ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে গত ৮ জুলাই তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ট্রাম্প। স্বাভাবিক নিয়মে তার ‘এয়ারফোর্স ওয়ান’-এ ওঠার কথা থাকলেও বিমানে প্রবেশের পর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে তাকে গোপনে অন্য একটি উড়োজাহাজে স্থানান্তর করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিমানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য হুমকি সম্পর্কে ইসরায়েলি গোয়েন্দারা মার্কিন কর্মকর্তাদের সতর্ক করেছিল। ওই তথ্যের পরই সিক্রেট সার্ভিস ট্রাম্পকে বিকল্প বিমানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পকে গোপনে বিমানে স্থানান্তরের ক্ষেত্রে একটি ক্যাটারিং কনটেইনার ব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। তবে নিরাপত্তার কারণে পুরো প্রক্রিয়াটি গোপন রাখা হয়েছিল।
এদিকে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দাদের দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে সংশয় ছিল। তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলোও আঙ্কারায় ট্রাম্পকে হত্যার কোনো সুনির্দিষ্ট ষড়যন্ত্রের প্রমাণ পায়নি বলে জানা গেছে।
আরও পড়ুন: সরকারিভাবে গোমূত্র কেনা শুরু করল ভারত, প্রতি লিটার ১০ রুপি
তবে ঝুঁকি এড়াতে সিক্রেট সার্ভিস সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্পের বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি জানতেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিষয়টি জানতেন কি না, তা নিশ্চিত নয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি সিক্রেট সার্ভিসের দেওয়া নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করেছেন।
এই ঘটনার পর ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া এবং মধ্যপ্রাচ্য নীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু মার্কিন গোয়েন্দা কর্মকর্তা মনে করছেন, সতর্কবার্তাটি প্রকৃত হুমকির পাশাপাশি ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের উদ্দেশ্যেও ব্যবহার হয়ে থাকতে পারে।
