নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই সম্মাননা প্রদান করেন।
দুই দেশের মধ্যে ১৯৫০ সাল থেকে চলে আসা বিশেষ সামরিক ঐতিহ্যের অংশ হিসেবে এই পদমর্যাদা দেওয়া হলো। প্রচলিত রীতি অনুযায়ী, ভারত ও নেপাল পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করে থাকে।
চার দিনের সফরে নেপালে থাকা জেনারেল শেঠ দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ
নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল শেঠ রোববার নেপালে পৌঁছান।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই সফরের মধ্য দিয়ে ভারত ও নেপালের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে। দুই দেশের সামরিক সম্পর্ক পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সেনাবাহিনী-টু-সেনাবাহিনী সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।
সফরকালে জেনারেল শেঠ ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে ভারত ও নেপালের সামগ্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির কমিটি
এদিন নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল শেঠ। পরে সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং তিনি তা পরিদর্শন করেন।
নেপাল সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশা করছে।
