মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম
ছবি : সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও চাপ অব্যাহত থাকায় তেহরানের ধৈর্য ক্রমেই ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কূটনীতিক ও তেহরানে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আব্বাস খামায়ার।
তার মতে, ইরানের সামরিক নেতৃত্বে সাম্প্রতিক পরিবর্তন এবং একাধিক রুদ্ধদ্বার বৈঠক থেকে ইঙ্গিত মিলছে, দেশটির নীতিনির্ধারকেরা বড় কোনো পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন। সেটি অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত বা ‘চমক’ হতে পারে বলেও মনে করেন তিনি।
আব্বাস খামায়ার বলেন, বিষয়টি নিয়ে ইরানের সাধারণ মানুষের মধ্যেও আলোচনা বাড়ছে। দীর্ঘদিন ধরে চলা চাপ ও অচলাবস্থা আর কতটা সহ্য করবে ইরান, সেটি এখন বড় প্রশ্ন।
আরও পড়ুন: সৌদি আরবকে বড় হামলার হুঁশিয়ারি হুথিদের
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে কিংবা দুই দেশের মধ্যে বিদ্যমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
সাবেক এই কূটনীতিকের ভাষ্য, ওয়াশিংটন যদি আগের সমঝোতাগুলো নিয়ে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যায়, তাহলে পরিস্থিতি আরও দ্রুত অবনতির দিকে যেতে পারে। সংঘাত শুরু হলে তা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা কম।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপের ঘোষণা ট্রাম্পের
তার আশঙ্কা, উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নতুন নতুন সংঘাতের ফ্রন্ট তৈরি হতে পারে। এতে আঞ্চলিক শক্তিগুলোও জড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে। শেষ পর্যন্ত এর প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগের মধ্যেই এমন মন্তব্য করলেন আব্বাস খামায়ার। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানের ধৈর্যের সীমা দ্রুত সংকুচিত হচ্ছে। ফলে যেকোনো ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপ বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে।
সূত্র: আল-জাজিরা
